১৪ আগস্ট, ২০২৬
গাজীপুরের শ্রীপুরে পুরোনো মাটির ঘরের দেয়াল ভেঙে নতুন ঘর নির্মাণের প্রস্তুতির সময় দেয়ালচাপায় মনির হোসেন (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার খুঁজেখানি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনির হোসেন ওই গ্রামের মো. মাঈন উদ্দিনের ছেলে। তিনি ব্যবসা করতেন।
স্থানীয় বাসিন্দা মো. আক্তার হোসেন জানান, নতুন ঘর নির্মাণের জন্য কয়েক দিন ধরে মনির হোসেনের পরিবারের সদস্যরা পুরোনো মাটির ঘরটি ভাঙার কাজ করছিলেন। শুক্রবার দুপুরেও তাঁরা ঘরটি ভাঙছিলেন। এ সময় হঠাৎ একটি বড় মাটির দেয়াল ভেঙে মনির হোসেনের ওপর পড়ে। এতে তিনি দেয়ালের নিচে চাপা পড়েন।
পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বলেন, ঘটনাটি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।