গাইবান্ধায় গাঁজাসহ যুবক গ্রেফতার

১৪ আগস্ট, ২০২৬

 

গাইবান্ধায় ৪০ গ্রাম গাঁজাসহ সবুজ আকন্দ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় বাড়ির আঙিনা থেকে দুটি গাঁজার গাছ, গাঁজা সেবনের সরঞ্জাম, গাঁজা মাপার যন্ত্র ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের বউলেরপাড়া এলাকা থেকে গাঁজাসহ যুবককে গ্রেপ্তার ও বাড়ির আঙিনা থেকে গাঁজার গাছসহ ওইসব সরঞ্জাম উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের বউলেরপাড়া এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় সাদেকুল ইসলাম সাদেকের বসতবাড়ির শয়নকক্ষ থেকে মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের সময় সবুজ আকন্দকে আটক করা হয়। পরে তার পরিহিত লুঙ্গির কোচর থেকে ৪০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করা হয়।

পরে সবুজকে জিজ্ঞাসাবাদে জানা যায় সাদেক দীর্ঘদিন ধরে গাঁজার ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত এবং মাদক সেবনের যোগানদাতা হিসেবে কাজ করেন।

পরে সবুজের দেখানো মতে সাদেকের বাড়ির আঙিনা থেকে দুটি গাঁজার গাছ, গাঁজা সেবনের সরঞ্জাম, গাঁজা মাপার যন্ত্র ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব বলেন. গ্রেপ্তার সবুজের বিরুদ্ধে আগেও তিনটি মাদক মামলা এবং পলাতক সাদেকের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধারায় মামলা করা হয়েছে। পলাতক সাদেককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।