রাজশাহীতে সার পাচার ঠেকাতে প্রশাসনের অভিযান, জরিমানা

১৪ আগস্ট, ২০২৬

 

রাজশাহীর পবা উপজেলার হরিয়ান বাজারের সরকারি বরাদ্দের সার পাচারের অভিযোগ উঠেছে এক ডিলারের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ বস্তা বিভিন্ন রাসায়নিক সার উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। সরকারি সার নির্ধারিত এলাকার বাইরে সরিয়ে নেওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ডিলার সাইদুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে হরিয়ান বাজারের মেসার্স সাইদুর ট্রেডার্সে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পবা উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন।  

স্থানীয় কৃষকদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে সরকারি সার কিনতে গিয়ে তারা নানা সমস্যার মুখে পড়ছিলেন। প্রয়োজনের সময় ডিলারের কাছে সার না পেয়ে অনেক কৃষককে অন্য জায়গা থেকে তুলনামূলক বেশি দামে সার কিনতে হয়েছে। এর মধ্যে সরকারি বরাদ্দের সার অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগ সামনে আসে।

গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় কৃষকেরা টিএসপি ও অন্যান্য রাসায়নিক সারসহ ১২ বস্তা সার আটক করে প্রশাসনকে খবর দেন।  

খবর পেয়ে ইউএনও ইবনুল আবেদীন ঘটনাস্থলে গিয়ে সারগুলোর মজুত, সংরক্ষণ ও সরবরাহের বিষয়ে খোঁজ নেন। অভিযানে সরকারি বরাদ্দের সার নির্ধারিত ব্যবস্থার বাইরে সরিয়ে নেওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। পরে ডিলার সাইদুর রহমানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন বলেন, কৃষকের জন্য বরাদ্দ সরকারি সার কোনোভাবেই অবৈধভাবে অন্যত্র সরিয়ে নেওয়া বা নির্ধারিত ব্যবস্থার বাইরে বিক্রি করা যাবে না। সার বিতরণ ব্যবস্থায় অনিয়মের অভিযোগ পাওয়া গেলে প্রশাসন তাৎক্ষণিকভাবে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। হরিয়ান বাজারের ডিলারের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।