১৫ আগস্ট, ২০২৬
তেহরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা এখন আর ইরান যুদ্ধে প্রাধান্যের বিষয় নয়। বরং মার্কিন ভোক্তাদের জন্য তেলের দাম কমিয়ে আনাই এখন ওয়াশিংটনের মূল লক্ষ্য। এমনটাই বলেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। গতকাল শুক্রবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার জেডি ভ্যান্সের পাশাপাশি ইরান যুদ্ধ নিয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, শিগগিরই তেহরানের বিরুদ্ধে নতুন ‘অর্থনৈতিক শাস্তি’ আরোপ করা হবে।
হরমুজ প্রণালি বন্ধ রেখে চলমান যুদ্ধে বড় ধরনের কৌশলগত সুবিধা আদায় করে নিতে পেরেছে ইরান। ভ্যান্স ও বেসেন্টের মন্তব্যে বিষয়টি স্পষ্ট হয়েছে বলে বিশ্লেষকরা মত দিয়েছেন। এতদিন পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর গলায় বলে এসেছেন, ইরানের পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা কেড়ে দেওয়াই যুদ্ধের মূল লক্ষ্য। কিন্তু দুই শীর্ষ মার্কিন নেতার বক্তব্যে প্রাধান্যের বিষয়টি বদলে গেছে।
ফক্স নিউজকে দেওয়া সাক্ষাত্কারে ভ্যান্স বলেন, হরমুজ প্রণালি দিয়ে অবাধে তেল পরিবহন নিশ্চিত করাই এখন প্রাধান্যের বিষয়। ভ্যান্সের মন্তব্যে স্পষ্ট হয়েছে, যুদ্ধটি এখন হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। -বিবিসি