১৫ আগস্ট, ২০২৬
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বিশ্বজুড়ে বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রভাব ও মর্যাদা বাড়ছে। আন্তর্জাতিক অঙ্গনে ভারত এখন একটি ব্যাপকভাবে গ্রহণযোগ্য ও সম্মানিত দেশ হিসেবে উঠে আসছে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (১৫ আগস্ট) ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির ঐতিহাসিক লালকেল্লার থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মোদি এসব কথা বলেন।
তিনি বলেন, ভারতের স্থিতিশীল রাজনৈতিক ম্যান্ডেট, স্থিতিশীল সরকার, প্রাণবন্ত গণতন্ত্র, শক্তিশালী বিচারব্যবস্থা এবং সংবিধান দেশটির বৈশ্বিক অবস্থান আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
মোদি বলেন, বিশ্বের দেশগুলো এখন ভারতের এসব শক্তি ও সক্ষমতাকে গুরুত্বের সঙ্গে স্বীকৃতি দিতে শুরু করেছে। এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান আরও বাড়ছে।
এ সময় ২০১৪ সাল থেকে বিভিন্ন দেশের সঙ্গে ভারতের করা মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং বাণিজ্য অংশীদারত্বের কথাও তুলে ধরেন তিনি।
মোদি আরও বলেন, ২০১৪ সালের পর ভারত প্রায় ৪০টি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে যুক্ত হয়েছে, যা বিশ্ব অর্থনীতিতে ভারতের অবস্থান আরও শক্তিশালী করছে।