এ সময়ের ব্যান্ড ও শিল্পীর কণ্ঠে আইয়ুব বাচ্চুর ২০ গান

১৫ আগস্ট, ২০২৬

বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি তারকা আইয়ুব বাচ্চু। প্রয়াত হয়েছেন আট বছর আগে। কিন্তু সুরে-গানে এখনো তিনি তেমনই সঞ্জীব হয়ে আছেন শ্রোতাদের মনে, সংগীতাঙ্গনের অলিগলিতে।

নন্দিত এই তারকার জন্মদিন রবিবার (১৬ আগস্ট)। এ উপলক্ষে প্রকাশিত হবে বিশেষ অ্যালবাম উত্তরাধিকার’। আইয়ুব বাচ্চুর ২০টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। তবে সেগুলো নতুন সংগীতায়োজনে গেছেন এ সময়ের ব্যান্ড ও শিল্পীরা।

জানা গেছে, ব্যান্ডের মধ্যে গান করেছে ‘দলছুট’, ‘আরবোভাইরাস’, ‘সোনার বাংলা সার্কাস’, ‘শুভযাত্রা’, ‘ক্যালিপসো’, ‘রকসল্ট’, ‘ডোপামিন’ ও ‘এ কে রাহুল’। আর একক শিল্পীদের মধ্যে গেয়েছেন বাবনা করিম, রাসেল আলী, রোমেল আলী, চন্দন জামান আলী-মেনন, কানিজ সুবর্ণা, সাজ্জাদ, পলাশ, জয় শাহরিয়ার, অদিত, বখতিয়ার হোসেন, আতিকা ইয়ামিন ও অটামনাল মুন। সবগুলো গানগুলোর মাস্টারিং করেছেন ইকবাল আসিফ জুয়েল।

রবিবার বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে অ্যালবামটি প্রকাশ করা হবে। ডাবল সিডির পাশাপাশি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে পাওয়া যাবে এটি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, অ্যালবাম থেকে পাওয়া অর্থ যাবে ‘আইয়ুব বাচ্চু মিউজিয়াম’ তৈরির তহবিলে।

প্রকল্পটির সমন্বয়ক চিশতি ইকবাল জানান, আইয়ুব বাচ্চুর জন্মদিনে বিশেষ কিছু করার ভাবনা থেকেই ২০টি গান নতুন করে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের এই উদ্যোগে তার ব্যবহৃত গিটার, পোশাক ও অন্যান্য স্মৃতিচিহ্ন সংরক্ষণের স্বপ্নও এগিয়ে যাবে।