১৫ আগস্টের পোস্ট : জাবি ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা

১৬ আগস্ট, ২০২৬

১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদলের আহ্বায়ক কমিটির দুই সদস্যকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতি পাওয়া দুই নেতা হলেন এহতেশামুল হক ও ফয়েজ হাওলাদার।

এহতেশামুল হক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৮তম আবর্তনের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

অন্যদিকে ফয়েজ হাওলাদার সরকার ও রাজনীতি বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী।

তিনি জাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্যের পাশাপাশি বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

ছাত্রদলের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে অব্যাহতির কারণ হিসেবে ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ’-এর কথা বলা হলেও বিস্তারিত কারণ উল্লেখ করা হয়নি।

তবে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবর জানান, ১৫ আগস্ট উপলক্ষে শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণেই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

জহির উদ্দিন মুহাম্মদ বাবর আরো বলেন, ১৫ আগস্ট উপলক্ষে তারা শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন। ছাত্রদলের সাংগঠনিক ও আদর্শিক অবস্থান থেকে বিষয়টিকে আদর্শিক বিরোধিতা হিসেবে বিবেচনা করা হয়েছে। এ কারণেই তাদের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।