১৬ আগস্ট, ২০২৬
শ্রীপুরে পারিবারিক কলহের জেরে অটোরিকশাচালক রুহুল আমিনকে (৩৮) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বরমী ইউনিয়নের কুমারভিটায় এ ঘটনা ঘটে। শনিবার দুপুরে ওই বাড়ির পাশের ঝোপ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ, স্ত্রী, শ্বশুর, শ্যালকসহ স্বজনেরা রুহুল আমিনকে মারধর করে হত্যা করেন। এ সময় তার ১৬ বছর বয়সি মেয়ে রিমি ঘটনাটি দেখলেও ভয়ে কোনো প্রতিবাদ করতে পারেনি।
আরেক শিশুকন্যা আফরিন বাবার ডাক-চিৎকার শুনে ঘুম থেকে উঠে তাকে বাঁচাতে জড়িয়ে ধরে কান্নাকাটি করলেও মারধর থামেনি বলে দাবি করা হয়েছে। নিহত রুহুল আমিন একই ইউনিয়নের কায়েতপাড়ার আতাহার আলীর ছেলে। তিনি শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করতেন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন নিহত রুহুল আমিনের স্ত্রী হালিমা খাতুন (৩৫), শ্বশুর রফিক (৫৫), শ্যালক শাহজাহান (২৭), চাচা শ্বশুর তাজউদ্দীন (৫০) ও তার কন্যা রিমি।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। শিশুকন্যার দেওয়া তথ্যের ভিত্তিতে নিহতের স্ত্রী, শ্বশুর, শ্যালকসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।