১৬ আগস্ট, ২০২৬
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশে আকস্মিক বন্যায় ৫ সেনাসদস্য নিখোঁজ হয়েছেন। একই সঙ্গে সেনাবাহিনীর একটি ক্যাম্পের দুটি আশ্রয়কেন্দ্র ভেসে গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, গতকাল শনিবার অরুণাচল প্রদেশের স্টেট ইমার্জেন্সি অপারেশনস সেন্টার (এসইওসি) ৫ সেনাসদস্য নিখোঁজের এই তথ্য জানিয়েছে। নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান চালাচ্ছেন সেনা ও বিভিন্ন উদ্ধারকারী সংস্থার সদস্যরা।
তারা জানিয়েছে, দিবাং ভ্যালিতে গত শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে পাসু পানিতে আকস্মিক বন্যা আঘাত হানে। মিপি সার্কেল থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরের ওই এলাকায় পানির বিশাল স্রোত নিচে নেমে এলে আশপাশের এলাকা প্লাবিত হয়।
পুলিশ সুপার পঙ্কজ কুমার জানান, পাসু পানি আর্মি ক্যাম্পে ৫ম গ্রেনেডিয়ার্সের দুটি আশ্রয়কেন্দ্র ভেসে গেলে সাত সেনাসদস্য পানির স্রোতে আটকা পড়েন। তাদের মধ্যে দুজনকে উদ্ধার করা হয়েছে। বাকি ৫ জন এখনও নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ), ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এবং জেলার ডিডিএমওর সদস্যরা বর্তমানে উদ্ধার ও তল্লাশি অভিযানে কাজ করছেন।