এসসিসির প্রধান কার্যালয় আকস্মিক পরিদর্শনে প্রশাসক আবদুস সালাম

১৬ আগস্ট, ২০২৬

 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হচ্ছেন কি না, তা নিশ্চিত করতে নগর ভবনের প্রধান কার্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

রবিবার সকালে নগর ভবনের বিভিন্ন বিভাগ ও শাখা সরেজমিনে ঘুরে দেখেন তিনি। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির খোঁজখবর নেয়ার পাশাপাশি দাফতরিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন প্রশাসক।

পরিদর্শনকালে তিনি নির্ধারিত কর্মঘণ্টা মেনে যথাসময়ে অফিসে উপস্থিত হয়ে নাগরিক সেবা কার্যক্রম অব্যাহত রাখার ওপর কঠোর তাগিদ দেন।

বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। নগরবাসীকে কাঙ্ক্ষিত সেবা দিতে হলে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা, সময়ানুবর্তিতা ও কর্মনিষ্ঠার কোনো বিকল্প নেই। নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হয়ে আন্তরিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি ও কার্যকারিতা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে। নাগরিক সেবা প্রদানে কোনো ধরনের শৈথিল্য, বিলম্ব বা গাফিলতি বরদাশত করা হবে না।

পরিদর্শনকালে প্রশাসক সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। একই সঙ্গে দাফতরিক কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করার আহ্বান জানান তিনি।