ঢাকা চেম্বারে সপ্তাহব্যাপী ট্রেড লাইসেন্স নবায়ন সেবার উদ্বোধন

১৭ আগস্ট, ২০২৬

সদস্যদের উন্নত সেবার পাশাপাশি ট্রেড লাইসেন্স নবায়ন সংক্রান্ত সেবা প্রদানের উদ্যোগ নিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। এ লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাভুক্ত সদস্য ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনা কার্যক্রম আরও সহজ করতে ডিএসসিসির সঙ্গে যৌথভাবে সপ্তাহব্যাপী ট্রেড লাইসেন্স নবায়ন সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
গতকাল রবিবার ডিসিসিআইয়ের অডিটোরিয়ামে এই সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ঢাকা চেম্বার ও ডিএসসিসি যৌথভাবে আয়োজিত ‘স্থানীয় ব্যবসা-বাণিজ্য, আইনশৃঙ্খলা, যানজট পরিস্থিতির উন্নয়ন ও ট্রেড লাইসেন্স সেবা’ শীর্ষক মতবিনিময় সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রেড লাইসেন্স নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মো. মাসুদ করিম।

জানা গেছে, গতকাল থেকে শুরু হয়ে আগামী ২০ আগস্ট পর্যন্ত সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ঢাকা চেম্বারের সদস্যভুক্ত প্রতিষ্ঠানসহ অন্যান্য ব্যবসায়ীরা ২০২৬-২৭ অর্থবছরের জন্য নিজ নিজ প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নবায়নের নির্ধারিত ফি জমা দেওয়ার মাধ্যমে তাদের লাইসেন্স নবায়ন করতে পারবেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ। এতে মুক্ত আলোচনায় ডিসিসিআইয়ের পরিচালক মোহাম্মদ জমশের আলী, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম, সাবেক সহ-সভাপতি হোসেন এ সিকদার ও মো. আলাউদ্দিন মালিক, সাবেক পরিচালক এ কে ডি খায়ের মোহাম্মদ খান ও দীন মোহাম্মদ, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ভুট্টো প্রমুখ অংশগ্রহণ করেন।
আলোচনায় অংশ নিয়ে তারা বলেন, ট্রেড লাইসেন্স নবায়ন ফি হ্রাস, অটোমেশনের আওতায় হয়রানিমুক্ত নবায়ন সেবা নিশ্চিতকরণ, যানজট ও জলাবদ্ধতা নিরসন, অটোরিকশা চলাচলে রেজিস্ট্রেশনের মাধ্যমে নম্বরপ্লেট প্রদান, ফুটপাত দখলমুক্তকরণের পাশাপাশি রাজনৈতিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর চাঁদাবাজি প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণ প্রভৃতি বিষয়ে সিটি কর্পোরেশনের কার্যকর উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন জরুরি।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ঢাকা চেম্বারের সদস্যভুক্ত ১০টি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছ থেকে নবায়নকৃত ট্রেড লাইসেন্সের কপি গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা চেম্বারের সিনিয়র সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী, সহ-সভাপতি মো. সালিম সোলায়মান, পরিচালনা পর্ষদের সদস্যরাসহ খাতভিত্তিক ব্যবসায়ী সংগঠনের নেতারা।