১৭ আগস্ট, ২০২৬
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসার জন্য ট্রাস্টি বোর্ডের ট্রাস্ট ফান্ড থেকে মঞ্জুর করা ৩ কোটি ১৭ লাখ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ কুষ্টিয়া সার্কেলের যৌথ আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ ব্যক্তি ও তাদের পরিবারের মাঝে এ আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৫ ব্যক্তির পরিবারের অনুকূলে মোট ২ কোটি ৭৫ লাখ টাকা (পরিবারপ্রতি ৫ লাখ টাকা) এবং আহত ২৮ জনের চিকিৎসার জন্য মোট ৪২ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
নীতিমালার বিধান অনুযায়ী, দুর্ঘটনায় অঙ্গহানি বা গুরুতর আহত ব্যক্তিদের ৩ লাখ টাকা এবং সামান্য আহতদের ১ লাখ টাকা করে এ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
কুষ্টিয়ার স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে এবং কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিআরটিএ সদর কার্যালয়ের (ঢাকা) পরিচালক (অপারেশন) ও যুগ্ম সচিব মোহাম্মৎ মমতাজ বেগম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ, খুলনা বিভাগীয় বিআরটিএর উপপরিচালক (ইঞ্জিনিয়ার) তানভির আহমেদ, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুব আলম।