চলন্ত মোটরসাইকেলে ভিডিও বানাতে গিয়ে প্রাণ গেল কনটেন্ট ক্রিয়েটরের

১৭ আগস্ট, ২০২৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলন্ত মোটরসাইকেলে ভিডিও বানাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শাওন মিয়া (৩০) নামে এক কনটেন্ট ক্রিয়েটর যুবক নিহত হয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে গোবিন্দগঞ্জ-রাজা বিরাট সড়কের উপজেলার শাখাহার ইউনিয়নের কারেন্টের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাওন মিয়া পার্শ্ববর্তী বগুড়ার শিবগঞ্জ উপজেলার দড়িদহ সরদারপাড়া গ্রামের শাবলু মন্ডলের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শাওন মিয়া দীর্ঘদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটরের কাজ করতেন।

তিনি মোটরসাইকেল চালাতেন, অন্যরা তার মোটরসাইকেল চালানোর ভিডিও করতেন। সেই ভিডিও তিনি তার ফেসবুকে পোস্ট দিতেন। সোমবার বেলা ১১টার দিকে তিনি মোটরসাইকেল চালিয়ে ভিডিও তৈরি করছিলেন। এসময় তিনি হাত ছেড়ে দিয়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন।

একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটি। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

স্বজনদের খবর পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।