১৭ আগস্ট, ২০২৬
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় আরিফুল ইসলাম (৪৫) নামে এক এনজিও পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার ভোরে উপজেলার দুর্গানগর ইউনিয়নের দুর্গানগর গ্রামের বাড়ির পাশে একটি কাঠবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আরিফুল ইসলাম দুর্গানগর গ্রামের দানেজ আলীর ছেলে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, স্থানীয়রা দুর্গানগর গ্রামের একটি মেহগনি গাছের সঙ্গে আরিফুল ইসলামের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ওসি আরও বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে এ ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করছে পুলিশ।