১৭ আগস্ট, ২০২৬
নিয়মিত চিকিৎসক না থাকা, ভুয়া সনদের নার্স ও অদক্ষ জনবল দিয়ে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে বগুড়ার নন্দীগ্রামে চারটি ক্লিনিক ও দুটি ফার্মেসিকে ৮১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নন্দীগ্রাম পৌর শহরের বাসস্ট্যান্ড ও পুরাতন বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার অভিযান পরিচালনা করেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, ব্যক্তি মালিকানাধীন এসব ক্লিনিকে প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়াই অস্ত্রোপচার, ভুয়া নার্স দিয়ে চিকিৎসাসেবা এবং পরীক্ষা-নিরীক্ষার নামে রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ছিল। এ ছাড়া সার্বক্ষণিক চিকিৎসক না রেখে সরকারি হাসপাতালের চিকিৎসকদের ওপর নির্ভর করে প্রতিষ্ঠানগুলো পরিচালনার অভিযোগও পাওয়া যায়।
অভিযানে ফাতেমা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিকের পরিচালক দিনা পারভীনকে ১০ হাজার টাকা, সেবা হসপিটালের নুসরাত জাহানকে ৩০ হাজার টাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশের কারণে নন্দীগ্রাম ইসলামিয়া হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মঞ্জুরুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া হেলথ কেয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আল মাসুদকে ১০ হাজার টাকা, প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে আব্দুল কাদেরকে ২০ হাজার টাকা এবং স্যালাইন, ইনজেকশন ও ড্রেসিং করার অভিযোগে আব্দুর রশিদকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার বলেন, ক্লিনিকগুলোর প্রসূতি ও অস্ত্রোপচার কক্ষে প্রয়োজনীয় সরঞ্জাম না থাকা, হালনাগাদ লাইসেন্স না থাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশের কারণে চারটি ক্লিনিক ও দুটি ফার্মেসিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।