পাঁচ জেলায় এক দিনে সড়কে ঝরল ৫ প্রাণ

১৮ আগস্ট, ২০২৬

সড়ক দুর্ঘটনায় গতকাল সোমবার সারা দেশে পাঁচজন নিহত হয়েছেন। নিউজজোনের  প্রতিনিধিদের পাঠানো খবর—

ডেমরা (ঢাকা) : রাজধানীর ডেমরায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।

গত রবিবার দিবাগত রাতে দুর্ঘটনাটি ঘটে। ডেমরা থানার এসআই মো. সাদ্দাম বলেন, রাত আনুমানিক ১১টার দিকে ডেমরা ব্রিজের নিচে কাভার্ড ভ্যানের ধাক্কায় সাইফুল ইসলাম (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। সেখান থেকে তাঁকে উদ্ধার করে রাত সোয়া ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত
ঘোষণা করেন।

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ময়লার ট্রাকের পেছনে ধাক্কা দেয় একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা।

এতে নজরুল ইসলাম (৬৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল সোমবার এই দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ আরো চার যাত্রী আহত হয়েছেন।

গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় শাওন মিয়া (৩২) নামের এক কনটেন্ট ক্রিয়েটর নিহত হয়েছেন। দুর্ঘটনায় তাঁর মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

গতকাল সোমবার গোবিন্দগঞ্জ-রাজা বিরাট সড়কের উপজেলার ইসলামপুর কারেন্টের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বগুড়া : দুপচাঁচিয়ায় পিকআপ ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে মফছের আলী ফকির (৬০) নামের এক ব্যাটারিচালিত অটোভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের পাকরাইল নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) : ফরিদপুরের সদরপুরে চলন্ত ইজি বাইকের ধাক্কায় ফারদিন (৭) নামের এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল সোমবার সদরপুরের কারীরহাট মধু মণ্ডলের ডাঙ্গী গ্রামের পাকা সড়কে এই দুর্ঘটনা ঘটে।