১৮ আগস্ট, ২০২৬
সহকর্মীর সঙ্গে কথা কাটাকাটি, এরপর মেজাজ হারিয়ে সরাসরি গালিগালাজ। সম্প্রচারকক্ষের এমন এক উত্তপ্ত পরিস্থিতির ভিডিও এবার সামনে এসেছে। ঘটনার জেরে চাকরি হারানো এক মার্কিন টিভি উপস্থাপিকা এখন আইনি লড়াইয়ে নেমেছেন।
নিউইয়র্ক পোস্টের খবর অনুযায়ী, ওই উপস্থাপিকার নাম টারিন আশের। গত নভেম্বরে ডেট্রয়েটের ফক্স টু চ্যানেল থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। একটি জনসচেতনতামূলক ভিডিও রেকর্ডিংয়ের সময় মূলত এই ঘটনা ঘটে। ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায়, পাণ্ডুলিপি পেতে দেরি হওয়ায় টারিন বেশ বিরক্ত হচ্ছেন। এক নারী সহকর্মী রেগে কক্ষ থেকে বেরিয়ে গেলে টারিন তাকে অকথ্য গালি দেন। তিনি বলেন, সারাক্ষণ আমার নামে অভিযোগ করা ওর অভ্যাসে পরিণত হয়েছে। এসব আর নিতে পারছি না। একটু বড় হও।
ছোট্ট এই ঘটনাটি এখন আইনি রূপ নিয়েছে। লিঙ্গ বৈষম্যের অভিযোগ এনে ফক্স টেলিভিশন স্টেশনসের বিরুদ্ধে মামলা করেছেন টারিন। তার দাবি, পুরুষ কর্মীদের এমন আচরণের ক্ষেত্রে চ্যানেলটি অনেক বেশি নমনীয় থাকে। তার সঙ্গে ইচ্ছাকৃত বৈষম্যমূলক আচরণ করা হয়েছে।
তবে ফক্স কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, লিঙ্গ বৈষম্য নয়, বরং সহকর্মীদের প্রতি অপেশাদার আচরণের জন্যই টারিনকে বরখাস্ত করা হয়েছে। সহকর্মীদের সঙ্গে চিৎকার করা, খারাপ ভাষা ব্যবহার এবং ঝগড়া করার মতো অভিযোগ তার বিরুদ্ধে ছিল।
সহ-উপস্থাপক রূপ রাজের সঙ্গেও তার দ্বন্দ্ব হয়। কে কোন অতিথির সাক্ষাৎকার নেবেন, তা নিয়ে তাদের মাঝে ভুল বোঝাবুঝি তৈরি হয়। রূপ রাজ মানবসম্পদ বিভাগকে জানান, ঈর্ষা থেকেই টারিন এমন আচরণ করেছিলেন। ৫ নভেম্বর তাকে ছুটিতে পাঠানো হয় এবং পরে চাকরিচ্যুত করা হয়। তবে টারিন বরাবরই দাবি করছেন, তার এমন আচরণের জন্য চাকরিচ্যুতি কোনোভাবেই যৌক্তিক ছিল না।