শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ৫ বড় ঘোষণা ঝাড়খণ্ড মুখ্যমন্ত্রীর

১৮ আগস্ট, ২০২৬

ভারতের ঝাড়খণ্ডে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের বিক্ষোভের মুখে রাজ্যটির মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন নিয়োগ পরীক্ষাগুলো নতুন করে পর্যালোচনার ঘোষণা দিয়েছেন।

ঝাড়খণ্ড মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, ২০১৪ সাল থেকে টিএসআর ডাটা প্রসেসিং প্রাইভেট লিমিটেড (টিডিপিএল) নামে একটি বেসরকারি সংস্থার মাধ্যমে পরিচালিত সব পরীক্ষা বাতিল করা হবে। একই সঙ্গে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (সেএসএসসি) সিজিএল পরীক্ষাও বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোরেন জানিয়েছেন, ২০১৪ সাল থেকে সরকারি নিয়োগে হওয়া ছোট-বড় সব ধরনের অনিয়ম তদন্ত করা হবে।

মুখ্যমন্ত্রীর ৫টি বড় ঘোষণা—

১. ২০১৪ সাল থেকে টিডিপিএল-এর মাধ্যমে নেওয়া সব পরীক্ষা এবং এর সঙ্গে যুক্ত নিয়োগ বাতিল করা হবে।

২. জেপিএসসি ও জেএসএসসি— উভয় কমিশনের গুরুত্বপূর্ণ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল (সিজিএল) পরীক্ষাও বাতিলের আওতায় থাকবে।

৩. ২০১৪ সাল থেকে ঝাড়খণ্ডে অনুষ্ঠিত সব নিয়োগ পরীক্ষা খতিয়ে দেখবে সিআইডি। অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

৪. আইএএস কর্মকর্তা অমিতাভ কৌশলের নেতৃত্বে একটি বিশেষ সংস্কার কমিটি গঠন করা হবে।

৫. চলমান শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের বিক্ষোভ নিয়ে সরকার উদ্বিগ্ন বলে জানিয়েছেন সোরেন। তাদের স্বার্থে শিগগিরই কঠোর ও কার্যকর আইন আনার কথাও জানিয়েছেন তিনি।

তথ্যসূত্র: এনডিটিভি