১৮ আগস্ট, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রদলের নেতা আমানউল্লাহ আমানের সমর্থনে মিছিল করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
সোমবার (১৭ আগস্ট) রাতে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মধুর ক্যান্টিনের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে মধুর ক্যান্টিনের সামনে বক্তব্য দেন আমানউল্লাহ আমান। তিনি বলেন, বিএনপি, জিয়াপরিবার ও বাংলাদেশের বিরুদ্ধে যে ‘অপশক্তি’ সক্রিয় রয়েছে, তাদের নস্যাৎ করে দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলই যথেষ্ট।
এ সময় মিছিল থেকে বিএনপি ও তারেক রহমানকে সমর্থন করে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এর মধ্যে ছিল ‘তারেক রহমানের আশীর্বাদ, আমান ভাই জিন্দাবাদ’, ‘ছাত্রদলের আমান ভাই, আমরা তোমায় ভুলি নাই’, ‘আমরা সবাই তারেক হব, দেশ গড়ায় অংশ নেব’ এবং ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’।
মিছিলকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।