গ্যালারিভর্তি দর্শকের উচ্ছ্বাসে শুরু মুন্সীগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ

১৮ আগস্ট, ২০২৬

গ্যালারিভর্তি দর্শকের উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। জেলার ছয়টি উপজেলা ও দুটি পৌরসভার অংশগ্রহণে মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে (মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়াম) টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

এ সময় জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত, স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শামীম আহসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেনসহ জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা, জেলা ক্রীড়া সংস্থা ও অংশগ্রহণকারী দলগুলোর পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা প্রশাসক গোল্ডকাপের চ্যাম্পিয়ন ট্রফি ও অংশগ্রহণকারী দলগুলোর জার্সি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। এরপর বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করা হয়।

উদ্বোধনী ম্যাচে টংগীবাড়ি উপজেলা ও মিরকাদিম পৌরসভা মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে মিরকাদিম পৌরসভাকে ২-০ গোলে পরাজিত করে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে টংগীবাড়ি উপজেলা।

আয়োজকরা জানান, জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা পর্যায়ের খেলোয়াড়দের প্রতিভা বিকাশ এবং ক্রীড়াক্ষেত্রে সুস্থ প্রতিযোগিতা ও পারস্পরিক সৌহার্দ্য-সম্প্রীতি বাড়ানোর লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সপ্তাহব্যাপী এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৪ আগস্ট। ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬।