রংপুরে ট্রাকচাপায় কলেজশিক্ষার্থী নিহত,

১৯ আগস্ট, ২০২৬

রংপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় তার এক বন্ধু গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন। 

মঙ্গলবার দুপুরে রংপুর মহানগরীর হাজীরহাট থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম মো. রুবাইয়াত ইসলাম রিফাত। তিনি রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং রংপুরের পীরগঞ্জ উপজেলার পরশুরামপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে। আহত শিক্ষার্থীর নাম স্বপ্নিল; তিনিও একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বদরগঞ্জ থেকে মোটরসাইকেলে করে কলেজে ফিরছিলেন রিফাত ও স্বপ্নিল। পথিমধ্যে হাজীরহাট থানা এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিফাত মারা যান। গুরুতর আহত অবস্থায় স্বপ্নিলকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন বলেন, রুবাইয়াতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত স্বপ্নিল চিকিৎসাধীন।