২০ আগস্ট, ২০২৬
গাজীপুরে ভুয়া পুলিশ পরিচয় দেওয়া মো. মাইদুল ইসলাম মামুন (২১) নামে এক যুবককে আটক করেছে র্যাব-১।
আটক মাইদুল রংপুরের কাউনিয়া থানার আজিজুর রহমানের ছেলে।
র্যাব-১-এর সিনিয়র সহকারী পরিচালক (অপারেশনস ও মিডিয়া অফিসার) শাহ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত পৌনে ২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের সালনা টেকিবাড়ি এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে মাইদুলকে আটক করা হয়।
র্যাব জানায়, মাইদুলের কাছ থেকে ছবি সংবলিত একটি ভুয়া পুলিশ পরিচয়পত্র, ব্যাটারিচালিত একটি ওয়াকিটকি, একটি রিফ্লেকটিভ ভেস্ট, দুটি ধাতব পুলিশ র্যাংক ব্যাজ, একটি নীল রঙের লেজার লাইট, এক জোড়া কালো অক্সফোর্ড জুতা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, আটক মাইদুলের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে গাজীপুর মহানগর পুলিশের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।