২০ আগস্ট, ২০২৬
প্রতিদিনের মতো ভোরের আলো ফোটার আগেই বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ব্যবসার কাজে বের হয়েছিলেন রেজাউল ইসলাম। কিন্তু পাট কিনতে যাওয়ার পথে অজ্ঞাত একটি পাথরবোঝাই ট্রাকের চাপায় নিভে গেল তার প্রাণ। ফিরলেন তিনি নিথর দেহে।
দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুরে পাথরবাহী অজ্ঞাত ট্রাকের চাপায় রেজাউল ইসলাম নামে এই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
বুধবার (১৯আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের দূর্গাপুর চায়না অফিস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজাউল ইসলাম (৪৫) ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের নন্দীগ্রাম গ্রামের মো. রইচ উদ্দিনের ছেলে। তিনি পেশায় ধান ও পাট ব্যবসায়ী ছিলেন। বর্তমানে বিরামপুর পৌরশহরের ৪ নম্বর ওয়ার্ডের ইসলামপাড়া এলাকায় বসবাস করেন।
স্থানীয়রা ও পুলিশ জানায়, ভোরে পাট কেনার উদ্দেশ্যে বিরামপুর থেকে মোটরসাইকেলে করে দিনাজপুরের আমডুঙ্গির হাটে যাচ্ছিলেন রেজাউল ইসলাম। পথে দূর্গাপুর চায়না অফিস মোড়ে পৌঁছালে গোবিন্দগঞ্জগামী একটি অজ্ঞাত পাথরবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। এসময় আরও একজন আহত হন। খবর পেয়ে স্বজনরা ছুটে আসেন বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
বিরামপুর থানার তদন্ত কর্মকর্তা শামিম আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা হয়েছে।