২০ আগস্ট, ২০২৬
নাটোরের বাগাতিপাড়ায় একটি জামে মসজিদের জানালার লোহার সঙ্গে ঝুলন্ত অবস্থায় আব্দুল মমিন (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সোনাপুর বাজারসংলগ্ন ডুমরাই ঢাকাপাড়া জামে মসজিদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল মমিন ওই গ্রামের মৃত হযরত আলীর ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, মৃত্যুর আগে স্ত্রী মঞ্জুয়ারা বেগমকে মোবাইল ফোনে কল করেন মমিন। কথা বলার একপর্যায়ে তিনি ফোনে কালেমা পড়েন। এরপর তার কণ্ঠস্বর শুনতে না পেয়ে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন।
পরে মসজিদের খাদেম বেলাল হোসেন ঝাড়ু দিতে গিয়ে জানালার লোহার সঙ্গে মমিনের মরদেহ ঝুলতে দেখেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, মমিনের ছেলে বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ জন্য ছেলের শ্বশুরবাড়ি থেকে কিছু টাকা দেওয়া হলেও আরও অর্থের প্রয়োজন ছিল। এ নিয়ে মমিনের সঙ্গে তার স্ত্রীর মনোমালিন্য ও পারিবারিক অশান্তি চলছিল। পরিবারের ধারণা, এ কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
বাগাতিপাড়া মডেল থানায় ভারপ্রাপ্ত ওসির দায়িত্বে থাকা এসআই মো. আব্দুর রাজ্জাক বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।