ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের

২০ আগস্ট, ২০২৬

ইরানের সঙ্গে পাঁচ মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যেই নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দেশটিকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা জোরদার করার পাশাপাশি তেহরানকে সহায়তাকারী দেশ ও কোম্পানিগুলোকে কঠোর অর্থনৈতিক পরিণতির বিষয়ে সতর্কতা জারি করেছেন।

স্থানীয় সময় বুধবার (১৯ আগস্ট) ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টে ট্রাম্প যেকোনো দেশের বিরুদ্ধে এযাবৎকালের সবচেয়ে কঠোর অর্থনৈতিক পদক্ষেপ’ গ্রহণের ঘোষণা দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান সমঝোতায় পৌঁছানোর সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। এখন তাদের অভূতপূর্ব মাত্রার অর্থনৈতিক যুদ্ধ ও বিচ্ছিন্নতার মুখোমুখি হতে হবে।

তিনি ইরানের সঙ্গে বাণিজ্যকারী যেকোনো দেশের ওপরও নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন। তিনি লেখেন, যেসব দেশ তাদের আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য, বিমানবন্দর বা সরকারি সংস্থাকে ইরানের জন্য কোনো ধরনের জীবনরেখা বা সহায়তার সুযোগ করে দেবে, তাদের নিজেদেরই ভয়াবহ অর্থনৈতিক পরিণতির মুখোমুখি হতে হবে। তেল চোরাচালান, সোয়াপ লাইন (মুদ্রা বিনিময় ব্যবস্থা), নগদ অর্থ স্থানান্তর, মানি এক্সচেঞ্জ বা মুদ্রা বিনিময় কেন্দ্র, জাহাজ নিবন্ধন এবং নামসর্বস্ব বা ‘ফ্রন্ট’ কোম্পানি এসব এখনই বন্ধ করতে হবে। আপনারা জানেন আপনারা কারা। এটি হবে অর্থনৈতিক ক্ষেত্রে এক ‘ডি-ডে’ (নির্ণায়ক দিন)। আর ইরানের হুমকিকে বিচ্ছিন্ন ও পরাজিত করতে আমাদের সব মিত্রকে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াতে হবে।

ট্রাম্প দাবি করেন, তেহরান এখন অত্যন্ত কোণঠাসা অবস্থায় রয়েছে এবং তার নেওয়া ঐতিহাসিক পদক্ষেপগুলো দেশটিকে পঙ্গু করে দেবে।

সূত্র: আলজাজিরা, আনোদালু এজেন্সি।