২০ আগস্ট, ২০২৬
কলকাতার অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। টালিগঞ্জের করুণাময়ী ব্রিজ থেকে নামার সময় একটি লরির ধাক্কায় তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার সময় গাড়িতেই ছিলেন অভিনেতা। তবে বড় ধরনের দুর্ঘটনা ঘটলেও তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে দুর্ঘটনার খবর নিজেই জানিয়েছেন জয়জিৎ। পোস্টে তিনি জানান, করুণাময়ী ব্রিজ থেকে নামার সময় একটি লরি তার গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়ির ডান পাশের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
অভিনেতার দাবি, লরিচালক স্বাভাবিক অবস্থায় ছিলেন না। ফাঁকা রাস্তাতেও তিনি বেসামালভাবে গাড়ি চালাচ্ছিলেন। একপর্যায়ে লরিটি জয়জিতের গাড়িতে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর গাড়ির ক্ষয়ক্ষতি হলেও জয়জিতের শারীরিকভাবে বড় কোনো ক্ষতি হয়নি।
অভিনেতা আরও জানান, যদি তিনি পেছনের সিটে বসতেন তাহলে বড় দুর্ঘটনা ঘটতে পারতো সৌভাগ্যবশত তিনি সামনের সিটে বসে ছিলেন তাই বড় কোনও ক্ষতি হননি। তবে তিনি আশাবাদী ছিলেন কোনও সিসিটিভি ফুটেজ দেখে সেই লরিটিকে চিহ্নিত করা যাবে। কিন্তু সেটা সম্ভব হয়নি বলে আশাহত হয়েছেন জয়জিৎ। তৎপর থাকলে হয়তো লরি চালককে ধরা সম্ভব হত বলেই মনে করেছেন তিনি। এই পোষ্টে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কলকাতা পুলিশকেও ট্যাগ করেছেন অভিনেতা।
প্রসঙ্গত, জয়জিৎ বর্তমানে ব্যস্ত জি বাংলার ‘তিলোত্তমা’ ধারাবাহি নিয়ে। এই নাটকের মধ্যে দিয়ে দীর্ঘদিন পর আবার ছোট পর্দায় ফিরেছেন তিনি। এই ধারাবাহিকে জয়জিতের অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা।