মাগুরা-ঝিনাইদহ সড়কে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

২০ আগস্ট, ২০২৬

মাগুরা-ঝিনাইদহ সড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও একজন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকালে সড়কের আবালপুর স্কুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের বেঙ্গা বেরইল গ্রামের গোলাম রাব্বানীর ছেলে আশিকুর রশিদ রিপন (৪৫) এবং হাজরাপুর ইউনিয়নের পশ্চিম রামনগর গ্রামের শরিফুল ইসলামের ছেলে রাব্বি ইসলাম নাঈম (২৫)। এ ঘটনায় রিপনের মেয়ে বৃষ্টি আক্তার (২৫) গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিপন মিয়া তার মেয়ে বৃষ্টি আক্তারকে ডাক্তার দেখিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় রাব্বি ইসলাম নাঈম মোটরসাইকেলে মাগুরার পুরাতন বাজারের মাদ্রাসার দিকে যাচ্ছিলেন।

আবালপুর স্কুল এলাকায় পৌঁছালে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাব্বির মৃত্যু হয়।

গুরুতর আহত রিপন ও তার মেয়ে বৃষ্টিকে স্থানীয়রা উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিপন মিয়ার মৃত্যু হয়।

গুরুতর আহত বৃষ্টি আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মাগুরা রামনগর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।