০১ আগস্ট, ২০২১
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় পর্যন্ত ২০ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। সরকার ঘোষিত শনিবার (৩১ জুলাই) রাত ৮ টা থেকে রোববার (০১ আগস্ট) বেলা ১২ টা পর্যন্ত গণপরিবহন চালুর সিদ্ধান্তের পর থেকে মহাসড়কটিতে যানবাহনের চাপ বাড়তে থাকে। ফলে এ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
গণপরিবহন চালুর খবরে ঢাকাগামী কলকারখানায় কর্মরত কর্মজীবী মানুষের মনে কিছুটা স্বস্তি মিললেও যানজটে দুর্ভোগ বেড়েছে দ্বিগুণ। বাস চলাচল করলেও বৃষ্টি উপেক্ষা করে পণ্যবাহী ট্রাকে গাদাগাদি করে ঢাকায় ফিরছে মানুষ।
এর আগে রোববার থেকে গার্মেন্টস ও শিল্পকারখানা খুলে দেয়ার ঘোষণার পর শনিবার সকাল থেকেই মহাসড়কটিতে ঢাকামুখি মানুষের ঢল নেমেছে। চাকরি বাঁচাতে লোকজন খোলা ট্রাক, পিকআপ, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলযোগে কয়েকগুন বেশি ভাড়ায় ঢাকার দিকে রওনা দেয়। পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে অনেকেই।
এদিকে যানজটের কারণে চরম ভোগান্তি যাত্রী ও যানবাহনের চালকরা। বিশেষ করে নারী ও শিশুদের পড়তে হচ্ছে চরম বিপাকে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, শিল্পকারখানা খোলায় শ্রমিকদের যাতায়াতের স্বার্থে কোনো যানবাহন চলাচলে বাঁধা দেয়া হচ্ছে না। এজন্য মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপে রয়েছে। ফলে ধীরগতিতে চলছে যানবাহন। এ ধীরগতি থেকে মাঝে মধ্যে কিছু জায়গায় যানজটের সৃষ্টি হচ্ছে। তবে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ।