কেরানীগঞ্জে পাঁচ ক্লিনিক-ফার্মেসিকে জরিমানা

২০ আগস্ট, ২০২৬

ঢাকার কেরানীগঞ্জে পাঁচটি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে অভিযান চালিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ রাখা এবং অ্যান্টিবায়োটিক বিক্রির রেজিস্টার সংরক্ষণ না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন ঔষধ তত্বাবধায়ক মো: জাহিদুল ইসলাম, কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল মোকাদ্দেসসহ দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঝিলমিল হাসপাতালকে ২ লাখ টাকা এবং রিজিয়া তালেব হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ এবং অ্যান্টিবায়োটিক বিক্রির রেজিস্টার না রাখাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী সূচনা ড্রাগ হাউস চুনকুটিয়াকে ৩০ হাজার টাকা, এশিয়া মডেল ফার্মেসিকে ২০ হাজার টাকা এবং লাজ ফার্মা, কদমতলী শাখাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কেরানীগঞ্জের বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে চিকিৎসায় অনিয়ম, অব্যবস্থাপনা ও পরিবেশগত সমস্যাসহ নানা অভিযোগ রয়েছে। অন্যদিকে, বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগও পাওয়া যায়।

এসব অভিযোগের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে বিভিন্ন অনিয়ম ধরা পড়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বলেন, কেরানীগঞ্জে নামে-বেনামে অনেক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানের অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি বলেন, ঝিলমিল হাসপাতাল ও রিজিয়া তালেব হাসপাতালে অপারেশন থিয়েটারসহ বিভিন্ন ওয়ার্ড অপরিষ্কার-অপরিচ্ছন্ন পাওয়া গেছে। ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল হলেও সেখানে প্রয়োজনের তুলনায় চিকিৎসক ও নার্সের সংখ্যা কম। এ ছাড়া রোগীদের কাছ থেকে চিকিৎসার নামে অধিক মুনাফা নেওয়ার বিষয়ও পরিলক্ষিত হয়েছে। এসব কারণে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে।

ইউএনও আরও বলেন, কেরানীগঞ্জ উপজেলায় যত্রতত্র ও অনিয়ম-অব্যবস্থাপনার মাধ্যমে কোনো হাসপাতাল পরিচালনা করতে দেওয়া হবে না।

এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।