মোংলায় স্বেচ্ছাসেবক দল ও যুবদলের প্রীতি ফুটবল ম্যাচ

২২ আগস্ট, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোংলায় ‘স্বেচ্ছাসেবক দল বনাম যুবদল প্রীতি ফুটবল ম্যাচ’ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলা মিঠাখালী ইউনিয়নের মিঠাখালী বাজার মাঠে মোংলা আজিজ স্পোর্টিং ক্লাবের সৌজন্যে আয়োজিত ম্যাচটি ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। খেলায় যুবদল এক গোলে জয়লাভ করে। পরে বিজয়ী দল ও ভালো খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। 

খেলা শেষে উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আয়োজকদের এমন ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন। খেলাধুলার মাধ্যমে নেতা-কর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও ঐক্য আরও সুদৃঢ় হবে বলে মত প্রকাশ করেন তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, সাংগঠনিক সম্পাদক শেখ শাকির হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নূর জনি, পৌর বিএনপির নেতা মোয়াজ্জেম হোসেনসহ উপজেলার ছয় ইউনিয়নের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

খেলা শেষে উপস্থিত লোকজনের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এর আগে একই জায়গায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন আমন্ত্রিত অতিথিরা। 

খেলার অন্যতম আয়োজক স্বেচ্ছাসেবক দল নেতা আজিজ মোড়ল বলেন, দুঃসময়ে দলের পাশে থাকা নেতাকর্মীদের সম্মান, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করতেই এ আয়োজন।