২২ আগস্ট, ২০২৬
গাজীপুরের কাপাসিয়ায় বিদ্যালয় থেকে নিখোঁজের তিন দিন পর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব পাশে মো. তাফসিরুল ইসলাম অন্তু (১৩) নামের এক স্কুলছাত্রকে পাওয়া গেছে।
শুক্রবার দুপুর দেড়টার দিকে বিমানবন্দর এলাকায় অসংলগ্ন অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশ হেফাজতে নেয়। পরে বিমানবন্দর থানা থেকে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ ও কাপাসিয়া সার্কেল) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে কাপাসিয়া থানা পুলিশ তাকে কাপাসিয়ায় নিয়ে আসে। বিকেলে তাকে বিদ্যালয়ের সামনে নিয়ে গেলে সেখানে সহস্রাধিক মানুষ ভিড় করেন। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
অন্তু কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের ডুমদিয়া গ্রামের সোহাগ খানের ছেলে এবং বীর উজলী মডেল একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ জানিয়েছে, অন্তু কিছুটা অসুস্থ ও অসংলগ্ন অবস্থায় রয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। গত তিন দিন সে কোথায় ছিল কিংবা কীভাবে বিমানবন্দর এলাকায় পৌঁছেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অন্তুর বাবা সোহাগ খান বলেন, তিন দিন অচেতন থাকার পর শুক্রবার দুপুরের দিকে অন্তুর জ্ঞান ফেরে। তখন সে নিজেকে বিমানবন্দরের সামনে দেখতে পায়। এর আগে কয়েকবার বিমানবন্দরে যাওয়ায় জায়গাটি চিনতে পারে সে। পরে কাছের একটি পুলিশ বক্সে গিয়ে মোবাইল ফোনে বাবাকে নিজের অবস্থান জানায়। পুলিশ তাকে বিমানবন্দর থানায় নিয়ে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে তাকে কাপাসিয়ায় নিয়ে আসেন।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, বিমানবন্দর এলাকায় অসংলগ্ন অবস্থায় হাঁটাচলা করতে দেখে পুলিশ অন্তুকে হেফাজতে নেয়। পরে বিষয়টি পরিবারকে জানানো হলে তাকে কাপাসিয়ায় নিয়ে আসা হয়। বর্তমানে সে কিছুটা অসুস্থ। সুস্থ হলে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। তখনই নিখোঁজ হওয়ার কারণ ও গত কয়েক দিনের অবস্থান সম্পর্কে জানা যাবে।