২২ আগস্ট, ২০২৬
দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে শাফাক নিউজ জানিয়েছে, শুক্রবার (২১ আগস্ট) রাতে এসব হামলা চালানো হয়।
হামলায় আলি আল-তাহের পাহাড় ও কাফর রেমানের উপকণ্ঠে দুটি এবং নাবাতিয়েহ আল-ফাওকার আল-দেইর এলাকায় আরও দুটি হামলা চালানো হয়। এ ছাড়া আল-দাবশা এলাকাতেও হামলা হয়েছে।
তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাও এখনো স্পষ্ট নয়। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, হামলায় কনকাশন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো সরকারি নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এর আগে শুক্রবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার আরেক দফা ঘটনা ঘটে। মায়ফাদুনের উপকণ্ঠে ইসরায়েলি গোলাবর্ষণের পাশাপাশি কাফর রেমানের দোহা এলাকা ও আলি আল-তাহের পাহাড়ে বিমান হামলা চালানো হয়। টায়ার জেলাতেও আল-মানসুরি শহরে ইসরায়েলি বিমান হামলার খবর পাওয়া যায়।
সূত্র: শাফাক নিউজ