২২ আগস্ট, ২০২৬
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম গুণী অভিনেত্রী সৌকার জানকী ৯৪ বছর বয়সে মারা গেছেন। শুক্রবার দুপুর ২টার দিকে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। খবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন নাদিগার সংঘের সভাপতি নাসের।
বেতার শিল্পী হিসেবে কাজ শুরু করলেও অভিনয়ে এসে তিনি তৈরি করেন এক বিশাল সাম্রাজ্য। সাত দশকেরও বেশি সময় ধরে তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম ভাষার প্রায় ৪০০টি সিনেমা এবং ৩০০টির বেশি নাটকে তিনি অভিনয় করেছেন।
১৯৫০ সালে 'শভুকরু' নামের একটি তেলেগু সিনেমায় দুর্দান্ত কাজ করে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। এই সিনেমার নাম থেকেই পরবর্তীতে তার নামের সঙ্গে 'সৌকার' শব্দটি যুক্ত হয়ে যায়।
অসাধারণ অভিনয় দক্ষতার জন্য ভারতীয় সিনেমায় তিনি অত্যন্ত শ্রদ্ধার পাত্রী ছিলেন। কাজের স্বীকৃতি হিসেবে তিনি ভারতের মর্যাদাপূর্ণ 'পদ্মশ্রী'সহ নানা পুরস্কার পেয়েছেন।
প্রিয় এই অভিনেত্রীকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য চেন্নাইয়ের সেন্টাফ রোড প্রাঙ্গণে তার দেহ রাখা হয়। তার এই বিদায়ে চলচ্চিত্র জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।