কালকিনিতে বৃদ্ধের পায়ের রগ কাটার অভিযোগ, বাড়িঘরে হামলা-বিস্ফোরণ

২২ আগস্ট, ২০২৬

 

মাদারীপুরের কালকিনিতে পূর্ববিরোধের জেরে মো. এছাহাক সরদার (৭৫) নামে এক বৃদ্ধের দুই পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনার পরদিন তার বাড়িতে হামলা, দুটি বসতঘর ভাঙচুর এবং অসংখ্য বোমা বিস্ফোরণের অভিযোগও পাওয়া গেছে। এতে তিন যুবক আহত হয়েছেন।  

শুক্রবার রাত ১১টার দিকে কালকিনি পৌরসভার উত্তর জনারদন্দী এলাকায় বাড়ির পাশের একটি দোকান থেকে বাড়ি ফেরার পথে এছাহাক সরদারের ওপর হামলা হয়।

স্বজনদের অভিযোগ, ঝালু মোল্লার নেতৃত্বে কয়েকজন তার পথরোধ করে কুপিয়ে জখম করার পর দুই পায়ের রগ কেটে দেন।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় এছাহাক সরদারকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে শনিবার সকালে আহত বৃদ্ধের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে।

পরিবারের দাবি, ঝালু মোল্লার নেতৃত্বে কয়েকজন বাড়ির সামনে দফায় দফায় অসংখ্য বোমার বিস্ফোরণ ঘটান। এ সময় দুটি বসতঘর ভাঙচুর করা হয়। হামলাকারীদের বাধা দিতে গেলে জাহিদ খান (২৫), রাজিব সরদার (২৫) ও নাজমুল বেপারী (২৩) আহত হন। পরে তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নতুন করে সংঘাত এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আহত এছাহাক সরদারের স্বজন ইসমাইল অভিযোগ করেন, জমি-সংক্রান্ত পূর্ববিরোধের জেরে ঝালু মোল্লা ও তার লোকজন এছাহাক সরদারের ওপর হামলা চালিয়ে দুই পায়ের রগ কেটে দেন। পরে তারা আবার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও বোমা বিস্ফোরণ ঘটিয়েছেন।  

অভিযোগের বিষয়ে ঝালু মোল্লার বক্তব্য জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে এলাকায় পাওয়া যায়নি।

তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এক ব্যক্তির পায়ের রগ কাটার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বাড়িঘর ভাঙচুরের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।