যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগের তিন নেতা গ্রেফতার

২২ আগস্ট, ২০২৬

যশোরের অভয়নগর থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত পরিচালিত পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আলমগীর হোসেন (৪০) ও নিয়ামুল শেখ (৩০) এবং নওয়াপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম ওরফে রাজীব শেখ (৩২)।

পুলিশ জানায়, নাশকতা ও ধ্বংসাত্মক পরিকল্পনার অভিযোগে শুক্রবার রাতে উপজেলার ভাটপাড়া গ্রামে অভিযান চালিয়ে আলমগীর ও নিয়ামুলকে গ্রেফতার করা হয়।

পরে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রাজীব শেখকে শনিবার ভোরে পার্শ্ববর্তী নড়াইল জেলা থেকে গ্রেফতার করা হয়। ২০২৫ সালের ১৮ নভেম্বর দায়ের হওয়া একটি মামলায় এই তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নুরুজ্জামান শনিবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।