বুলবুল হত্যায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি ইসলামী আন্দোলনের

২২ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা জাহিদ হাসান বুলবুল হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর। একই সঙ্গে কোনো গডফাদার বা প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয়ে আসামিরা থাকলে তাদের খুঁটির জোর খুঁজে বের করার দাবি জানিয়েছে সংগঠনটি।

শনিবার (২২ আগস্ট) বিকেলে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা দীন ইসলাম।

মাওলানা দীন ইসলাম বলেন, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে জাহিদ হাসান বুলবুল নিহত হয়েছেন। এ ঘটনায় ইতোমধ্যে কয়েকজনকে গ্রেফতার করায় প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, গ্রেফতার ব্যক্তিদের দ্রুত আদালতে হাজির করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, বুলবুল হত্যার কোনো আসামি যদি কোনো গডফাদার বা প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয়ে থাকে, তাহলে তার ‘খুঁটির জোর’ খুঁজে বের করতে হবে। যথাযথ বিচার না হলে ইসলামী আন্দোলন কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। প্রয়োজনে নারায়ণগঞ্জে হরতালসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

তিনি আরও বলেন, বর্তমানে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে। প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পীর সাহেব চরমোনাইয়ের নির্দেশে নারায়ণগঞ্জের রাজপথে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

প্রতিবাদ সভা শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শিমরাইল মোড় থেকে শুরু হয়ে ডাচ-বাংলা পয়েন্টে গিয়ে মোনাজাতের মাধ্যমে শেষ হয়। নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন মহানগর ইসলামী আন্দোলনের সেক্রেটারি প্রিন্সিপাল সুলতান মাহমুদ।

এ সময় বক্তব্য দেন সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক আন্দোলনের সভাপতি আব্দুল মালেক, সিদ্ধিরগঞ্জ থানা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মো. আমির হামজা, সিদ্ধিরগঞ্জ থানা বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক হাফেজ ওমর ফারুক, নারায়ণগঞ্জ জেলা শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আলতাফুজ্জামান এবং নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মুহা. খালেদ সাইফুল্লাহ সানভীর।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা জাহিদ হাসান বুলবুল হত্যার ঘটনা ঘটে। সংগঠনটির অভিযোগ, সন্ত্রাসী শেখ সিফাত বাহিনীর সদস্যরা এ হত্যাকাণ্ডে জড়িত। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করছে ইসলামী আন্দোলন।