২৩ আগস্ট, ২০২৬
ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রাভেল ট্রলিতে ৪ কেজি ১৮০ গ্রাম ‘কুশ’ (উচ্চমানের গাঁজা) ও পাসপোর্টের ফটোকপি ফেলে পালিয়েছেন দুই ভারতীয় নাগরিক। গত মঙ্গলবার বিকালে বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে, পৃথক অভিযানে কাপড়ের নিচে কৌশলে লুকানো অবস্থায় ৩ কেজি ‘কুশ’, ভারতীয় পাসপোর্ট ও বিভিন্ন দেশের মুদ্রাসহ হুসাইন আবদুল কাদার শেখ (৪৮) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে।
শনিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
৪ কেজি ‘কুশ’ মাদক ফেলে পালিয়েছে ২ ভারতীয়: ডিএনসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের আওতাধীন বিমানবন্দর সার্কেলের সহকারি পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়ার নেতৃত্বে বিশেষ টিম গ্রিন চ্যানেলে অবস্থান নেয়। সেদিন বিকেল সাড়ে ৬টার দিকে ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দুই ভারতীয় নাগরিক আকাশ দুবে (২৮) ও আকাশ পান্ডে (৩৪) বিমানবন্দরে অবতরণ করেন। ডিএনসির উপস্থিতি টের পেয়ে তারা দুটি ট্রাভেল ট্রলি ও নিজেদের ভারতীয় পাসপোর্টের ফটোকপি ফেলে দ্রুত সরে পড়েন। পরে বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে ট্রলি দুটি তল্লাশি করে মোট ৪ কেজি ১৮০ গ্রাম ‘কুশ’ মাদক উদ্ধার করা হয়।
ডিএনসি জানায়, পলাতক দুই আসামি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার গোন্দলপাড়ার বাসিন্দা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
৩ কেজি ‘কুশ’সহ গ্রেফতার ১ ভারতীয়: ডিএনসি আরও জানায়, শনিবার বিকেলে বিমানবন্দরের নিচ তলায় গ্রিন চ্যানেল থেকে আবদুল কাদের শেখকে গ্রেফতার করা হয়। তিনি ভারতের কর্ণাটক রাজ্যের বাসিন্দা। গোপন তথ্যের ভিত্তিতে ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে আসা হুসাইনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তার ট্রাভেল ট্রলি ব্যাগ তল্লাশি করে কাপড়ের নিচে লুকানো অবস্থায় ৩ কেজি কুশ, ১টি ভারতীয় পাসপোর্ট, ১টি বোর্ডিং কার্ড ও সিমসহ ১টি স্মার্টফোন, ৪০০ ইউএস ডলার, ১ হাজার ৫৫০ থাই বাথ এবং ৪০০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, বাংলাদেশের কয়েকজন ব্যক্তির সঙ্গে যোগসাজশে মাদক চোরাচালানের পরিকল্পনা করেছিল। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।