সিদ্ধিরগঞ্জে বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণে বাধা, চালককে রাতভর নির্যাতনের অভিযোগ

২৩ আগস্ট, ২০২৬

সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঞ্জিল পরিবহণের চালক মো. রবিনকে (৩৫) ফোনে ডেকে নিয়ে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে। স্থানীয় এক বিএনপি কর্মীর বাহিনীর বিরুদ্ধে হামলার এই অভিযোগ করেছেন ভুক্তভোগী ও তার পরিবার।

নির্যাতনের শিকার চালক রবিন গণমাধ্যমকর্মীদের জানান, গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তাকে মুঠোফোনে ডেকে নেওয়া হয়। মঞ্জিল পরিবহণের চালকদের মধ্যে তিনি জ্যেষ্ঠ হওয়ায় তাকে সরিয়ে পুরো বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়া এবং পরিবহণ মালিকদের জিম্মি করে চাঁদা আদায়ের পরিকল্পনা করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় আজাহার নামের বিএনপির এক কর্মী বাহিনী রাতভর তাকে আটকে রেখে পিটিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে গেলে হামলাকারীরা সেখানেও উপস্থিত হয়ে তার চিকিৎসাসংক্রান্ত ও পুলিশ কেসের কাগজপত্র ছিনিয়ে নেয়। এ ছাড়া ঘটনা নিয়ে মামলা বা মুখ খুললে পরিবারসহ তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

তিনি আরও জানান, তারা দীর্ঘদিন যাবত কাচপুর ব্রিজের নিচে মঞ্জিল বাসস্ট্যান্ড ও টাইগার মিল এলাকায় সন্ত্রাসের রাম-রাজত্ব করে আসছে। 

রবিনের স্ত্রী সুলতানা জানান, সন্ত্রাসীরা তার স্বামীকে রাতভর নির্মমভাবে মারধর করে সকালে ঘটনাস্থলে গেলে আমার গলার চেইন ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং প্রাণনাশের হুমকি দেওয়ায় আমরা কোনো আইনি পদক্ষেপ নিতে পারছি না। তিনি দ্রুত ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্ত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

তবে এ বিষয়ে জানতে আজহারের মোবাইল ফোন করলে তার মোবাইেল বন্ধ পাওয়া যায়। 

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ওসি এমদাদুল হক বলেন, এ সংক্রান্ত কোনো অভিযোগ আমি এখনো পাইনি। তবে কেউ অভিযোগ করলে ব্যবস্থাপনা গ্রহণ করা হবে।