২৪ আগস্ট, ২০২৬
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ বছরের এক ছাত্রকে নির্যাতন ও মারধরের অভিযোগে রাকিবুল হাসান মিরাজ নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার বিকেল সিন্দুরখান সড়কে জামিয়া ইসলামিয়া বালক-বালিকা মাদরাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাকিবুল হাসান মিরাজ শ্রীমঙ্গল উপজেলার সুনগইড় গ্রামের বাসিন্দা। তিনি জামিয়া ইসলামিয়া বালক-বালিকা মাদরাসায় শিক্ষক।
পুলিশ জানায়, শিক্ষক মিরাজ মিয়া প্রায় এক মাস ধরে ওই শিশু ছাত্রের ওপর পাশবিক নির্যাতন চালিয়ে আসছিলেন। দীর্ঘদিনের এই অমানবিক নির্যাতনের ফলে শিশুটি শারীরিক ও মানসিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। সর্বশেষ রবিবার সকালে শিশুটি ওই শিক্ষকের অনৈতিক কোনো নির্দেশ পালনে অস্বীকৃতি জানালে তাকে বেধরক মারধর করা হয়।
এ ঘটনা জানাজানি হলে শিশুটির অভিভাবক থানায় অভিযোগ করেন। পরে পুলিশ ওই শিক্ষককে গ্রেফতার করে। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ্ আল মামুন জানান, ভুক্তভোগী শিশুর শরীরে নির্যাতনের প্রাথমিক আলামত পাওয়া গেছে। থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষক তার অপরাধের কথা স্বীকার করেছেন।