২৪ আগস্ট, ২০২৬
চাঁদপুরের ফরিদগঞ্জে দুই হাজার ইয়াবাসহ মা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) সকালে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার একটি হোটেলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুজন হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার পূর্ব পানখালী এলাকার জালাল উদ্দিনের স্ত্রী ছেমন খাতুন (৬০) ও ছেলে আব্দুল মান্নান ওরফে আশিক (৪১)।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করে।
পুলিশ জানায়, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহর নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হুমায়ুন কবির-২, সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদুল হক ও এএসআই জুমায়েত হোসেন জুয়েলের নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। সকাল দিকে কাছিয়াড়া ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডের হোটেল আরাফাত অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে ছেমন খাতুন ও আব্দুল মান্নানকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, আটক দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করে তাদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।