২৫ আগস্ট, ২০২৬
রাজধানীর মিরপুরে ড্রেনে কাজ করার সময় গাড়িচাপায় ঢাকা ওয়াসার এক কর্মচারী নিহত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে মিরপুর-১০ নম্বর এলাকার সেনপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীমের বয়স ৪৭ বছর। তার বাড়ি পাবনার বেড়া উপজেলার পাইখন্দ বারাদিয়া গ্রামে। তিনি প্রায় ২৫ বছর ধরে ঢাকা ওয়াসায় কর্মরত ছিলেন।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে শামীম ড্রেনে নেমে কাজ করছিলেন। একপর্যায়ে তিনি মাথা তুললে একটি গাড়ির চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী গাড়ি ও চালককে শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।