বাবার মরদেহ দাফনের আগেই জমি নিয়ে বিরোধ, ভাইদের সংঘর্ষে আহত ৬

২৫ আগস্ট, ২০২৬

যশোরের কেশবপুরে বাবার মরদেহ দাফনের আগেই সম্পত্তি নিয়ে বিরোধে জড়িয়ে সংঘর্ষে লিপ্ত হয়েছেন দুই ভাই। এতে তারাসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার সন্নাসগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানায়, সন্নাসগাছা গ্রামের বাসিন্দা আব্দুল খালেক (৭৫) সোমবার সকাল ১০টার দিকে মারা যান। তার মরদেহ তখনো বাড়ির বারান্দায় রাখা ছিল। এ অবস্থাতেই পৈতৃক জমি বণ্টন নিয়ে তার দুই ছেলে মাহাবুব রহমান ও আছাবুর রহমানের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, যা পরে হাতাহাতিতে গড়ায়।

একপর্যায়ে দুই পক্ষ দা ও বাঁশের লাঠি হাতে মুখোমুখি হয়। সংঘর্ষে মাহাবুব ও আছাবুর দুজনেরই মাথা ফেটে গুরুতর জখম হয়। এ ছাড়া দুই পক্ষের নারীসহ আরও চারজন আহত হন।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও স্বজনেরা এগিয়ে এসে বিরোধ মীমাংসার চেষ্টা চালান, এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে গ্রামবাসীর সহযোগিতায় পারিবারিক কবরস্থানে আব্দুল খালেকের দাফন সম্পন্ন হয়।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেকসানা খাতুন গণমাধ্যমকে জানান, বাবার মরদেহ বাড়িতে রেখে জমি ভাগাভাগি নিয়ে দুই ভাই বিরোধে জড়ায় এবং মারামারিতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় বৃদ্ধের মরদেহ দাফন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।