কুশিয়ারায় চলমান নদীতীর প্রতিরক্ষা প্রকল্পের কাজ পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ

২৫ আগস্ট, ২০২৬

মৌলভীবাজারের কুশিয়ারা নদীর উভয় তীরে চলমান নদীতীর প্রতিরক্ষা প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় প্রকল্পের কাজ পরিদর্শন করেন তিনি।  

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী চলমান প্রকল্পের অগ্রগতি, কাজের মান এবং নদীভাঙন প্রতিরোধে গৃহীত কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত অবহিত হন। তিনি প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ মান বজায় রেখে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

পরবর্তীতে সকাল ১১টায় প্রতিমন্ত্রী হবিগঞ্জ সদর উপজেলাধীন লস্করপুর ইউনিয়নের কালিগঞ্জ এলাকায় খোয়াই নদীর ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করেন। সাম্প্রতিক ফ্ল্যাশ ফ্লাডে ক্ষতিগ্রস্ত খোয়াই নদী রক্ষা বাঁধের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে তিনি তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের নির্দেশনা প্রদান করেন।

একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ক্ষয়-ক্ষতি রোধ এবং খোয়াই নদী রক্ষা বাঁধের স্থায়ী ও টেকসই সমাধানের লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা মোতাবেক ফ্ল্যাশ ফ্লাডে ক্ষতিগ্রস্ত বাঁধ দেখতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এসেছি। এখানে নদী ও বাঁধের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্থানীয় হুইপ আলহাজ্ব জি কে গউছ, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, হবিগঞ্জের জেলা প্রশাসক, সংশ্লিষ্ট চিফ ইঞ্জিনিয়ার, সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ারসহ পানি উন্নয়ন বোর্ডের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। 

প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করে ক্ষতিগ্রস্ত বাঁধের জরুরি মেরামত দ্রুত সম্পন্ন করার পাশাপাশি দীর্ঘমেয়াদি ও কার্যকর নদী ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।