আনসার ও ভিডিপির নতুন অতিরিক্ত মহাপরিচালককে র‍্যাংক ব্যাজ প্রদান

২৫ আগস্ট, ২০২৬

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক ও আনসার-ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট মো. সাইফুল্লাহ রাসেলের র‍্যাংক ব্যাজ পরিধান ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বাহিনীর সদর দপ্তরে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এবং অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ তাঁকে নতুন পদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, যথাযথ যোগ্যতা, সময়োপযোগী সক্ষমতা ও পেশাদারিত্ব অর্জনের মাধ্যমে সাইফুল্লাহ রাসেল অতিরিক্ত মহাপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। তিনি তাঁর দীর্ঘদিনের সাংগঠনিক আস্থা ও নিষ্ঠার প্রশংসা করেন।

মহাপরিচালক আশা প্রকাশ করেন, পদোন্নতির ধারাবাহিকতায় আনসার-ভিডিপি একাডেমির প্রশিক্ষণ কার্যক্রমে উৎকর্ষতা ও আধুনিকায়নের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি বৃহৎ ও পেশাদার আধাসামরিক বাহিনী হিসেবে আরও শক্তিশালী হবে।

তিনি আরও বলেন, ১৮তম বিসিএসের এই কর্মকর্তা তার পেশাদারিত্ব ও অভিজ্ঞতাকে বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং সদস্যদের কল্যাণে আরও দৃঢ়ভাবে কাজে লাগাবেন। পাশাপাশি অধীনস্থদের সঠিক দিকনির্দেশনা দিয়ে তাদের দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধিতে ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বাহিনীর সদর দপ্তরের কর্মকর্তা, আমন্ত্রিত কর্মকর্তা, বিভিন্ন জোনের অধিনায়ক ও জেলা কমান্ড্যান্টরা উপস্থিত ছিলেন।