২৫ আগস্ট, ২০২৬
ভারতের মণিপুর রাজ্যের চুরাচাঁদপুর জেলায় বন্যপ্রাণী ভেবে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে তারই এক শিকারি সঙ্গীর বিরুদ্ধে।সোমবার (২৪ আগস্ট) এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
নিহত ব্যক্তির নাম গিনখানসুয়ান গুইতে। তার বয়স ৬০ বছর। অভিযোগ অনুযায়ী, মুআলনুয়াম এলাকার এক সহশিকারির গুলিতে তিনি নিহত হন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গিনখানসুয়ান ও অভিযুক্ত ব্যক্তি মুআলনুয়াম গ্রামের আওতাধীন কাওলতুং এলাকায় একসঙ্গে শিকারে গিয়েছিলেন। একপর্যায়ে জঙ্গলের মধ্যে দুজন আলাদা হয়ে যান।
এর কিছু সময় পর অভিযুক্ত শিকারি জঙ্গলের মধ্যে গিনখানসুয়ানকে বন্যপ্রাণী ভেবে ভুল করেন। এরপর তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি গ্রামবাসীকে বিষয়টি জানান। পরে গ্রামবাসীরা ঘটনাস্থল থেকে গিনখানসুয়ানের মরদেহ উদ্ধার করেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।