আড়াই বছর পর চট্টগ্রাম মহানগর যুবদলের বিলুপ্ত কমিটি বহাল

২৬ আগস্ট, ২০২৬

প্রায় আড়াই বছর পর বিলুপ্ত করা চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি পুনর্বহাল করেছে কেন্দ্রীয় যুবদল।

মঙ্গলবার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে নগর কমিটির পাশাপাশি মহানগরের অধীন সব থানা ও ওয়ার্ড যুবদলের কমিটিও পুনর্বহাল করা হয়েছে। কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন এমপির নির্দেশে ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানানো হয়েছে।

চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান, কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। কমিটি না থাকার পরও আমরা দলীয় ও জাতীয় দিবসগুলো পালন করেছি। এতদিন কমিটি না থাকার কারণে নেতাকর্মীদের মধ্যে কিছুটা হতাশা ছিল, কমিটি পুনর্বহাল করায় প্রমাণিত হয়েছে মহানগর, থানা ও ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা দলের জন্য নিবেদিতপ্রাণ ও পরীক্ষিত। পুনর্বহালের কারণে নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা কাজ করছে। অতীতের মতো ভবিষ্যতেও দলের যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় তাঁরা অগ্রণী ভূমিকা রাখবেন আশা করি।

এর আগে ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণ দেখিয়ে চট্টগ্রাম মহানগর ও আওতাধীন থানা ও ওয়ার্ড কমিটিগুলোও বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় যুবদল। নতুন সিদ্ধান্তের ফলে এসব কমিটি পুনরায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ পেল। ২০১৮ সালের ১ জুন মোশাররফ হোসেন দিপ্তীকে সভাপতি ও মোহাম্মদ শাহেদকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম মহানগর যুবদলের পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। একই বছরের ৪ অক্টোবর কমিটির আকার বাড়িয়ে ২৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি করা হয়।