সমাবর্তনের আবহে নোবিপ্রবির কৃষি বিভাগের বিদায় অনুষ্ঠান

২৬ আগস্ট, ২০২৬

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এগ্রিকালচার বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন-পরবর্তী বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের দেশের ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তার অন্যতম কারিগর হিসেবে উল্লেখ করে কৃষিকে আরো প্রযুক্তিনির্ভর ও উৎপাদনমুখী করার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম রব্বানী।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক গোলাম রব্বানী।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক গোলাম রব্বানী বলেন, “বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার অন্যতম প্রধান ভিত্তি হচ্ছে কৃষি। একটি দেশের মানুষের জন্য পর্যাপ্ত, নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের নিশ্চয়তা শুধু অর্থনৈতিক বিষয় নয়; এটি খাদ্য নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার সঙ্গেও সংশ্লিষ্ট। তাই ভবিষ্যতের কৃষিকে হতে হবে আরো প্রযুক্তিনির্ভর, উৎপাদনমুখী ও সহনশীল।”

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তোমরা শুধু কৃষির শিক্ষার্থী নও, তোমরা বাংলাদেশের ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তার অন্যতম কারিগর। তোমাদের অর্জিত জ্ঞানকে মাঠপর্যায়ে কৃষকের কাছে পৌঁছে দিতে হবে এবং কৃষির বিদ্যমান সমস্যাগুলোর টেকসই সমাধান খুঁজে বের করতে হবে।”

তিনি আরো বলেন, “কৃষির গুরুত্ব বিবেচনায় নোবিপ্রবিতে কৃষি অনুষদ ও কৃষিবিষয়ক গবেষণার জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা সৃষ্টি করা হবে।” শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও গবেষণাকে দেশের কৃষি উন্নয়নে কাজে লাগানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন ও এগ্রিকালচার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক গাজী মো. মহসিন।