শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

২৬ আগস্ট, ২০২৬

ঝিনাইদহের শৈলকুপায় গবাদি পশুর ঘাস কাটা মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) ভোরে উপজেলার ৯ নম্বর মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন— অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) ও তার স্ত্রী মিনা ভৌমিক (৬০)। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মাধবপুর গ্রামের মুকুল হোসেন জানান, বৃদ্ধ অমরেন্দ্র বুধবার ভোরে গোয়ালে গবাদি পশুর জন্য মেশিনে ঘাস কাটতে যান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে স্ত্রী মিনা রানী তাকে বাঁচাতে এগিয়ে আসেন। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিক্যাল কর্মকর্তা আসাদুজ্জামান জোহা বলেন, স্বামী-স্ত্রী দুই জনেরই বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে। মৃত অবস্থায় বুধবার সকাল সাড়ে ৭টায় তাদের হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।