২৭ আগস্ট, ২০২৬
খাগড়াছড়িতে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে এই সভা আয়োজন করা হয়। এতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়।
সভায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সহ-সভাপতি মো. জহুরুল আলমসহ বিভিন্ন টেলিভিশনে কর্মরত গণমাধ্যমকর্মীরা।
বক্তারা বলেন, গণমাধ্যমকর্মীরা সমাজের বাস্তব চিত্র তুলে ধরে জনগণ ও প্রশাসনের মধ্যে সেতুবন্ধন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতা, দক্ষতা ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা সময়ের দাবি।
তারা এসময় আশা প্রকাশ করেন, পুনর্গঠিত নতুন কমিটি সাংবাদিকদের পেশাগত স্বার্থ ও কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি খাগড়াছড়ির মানুষের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীলভাবে দেশবাসীর সামনে তুলে ধরবে।
সভার শেষ পর্বে সবার সম্মতিতে পুরোনো কমিটি বিলুপ্ত করে ১৯ সদস্যবিশিষ্ট খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন করা হয়। নতুন কমিটিতে সমির মল্লিক সভাপতি, কানন আচার্য সহ-সভাপতি, দিদারুল আলম রাজু সাধারণ সম্পাদক ও নুরুরছাপা মানিক যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।