২৭ আগস্ট, ২০২৬
রাজধানীর দয়াগঞ্জ মোড়ে ট্রাফিক পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় শিশির (২৫) নামে এক যুবকের কাছ থেকে ১০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় তাকে গ্রেফতার করে গেন্ডারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। বুধবার দয়াগঞ্জ মোড় চৌরাস্তার বাম পাশে ট্রাফিক ওয়ারী জোনের চেকপোস্টে এ ঘটনা ঘটে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিয়মিত দায়িত্বের অংশ হিসেবে চেকপোস্টে একটি মোটরসাইকেল থামিয়ে এর কাগজপত্র যাচাই করছিলেন ট্রাফিক সদস্যরা। এ সময় মোটরসাইকেলটির চালক শিশিরের সঙ্গে থাকা একটি ব্যাগে তল্লাশি চালানো হয়।
পুলিশের এই কর্মকর্তা জানান, তল্লাশির একপর্যায়ে ব্যাগের ভেতর থাকা নীল রঙের একটি কার্ডহোল্ডারের মধ্যে ১০ পুরিয়া গাঁজা পাওয়া যায়। পরে গাঁজা ও মোটরসাইকেলসহ শিশিরকে গেন্ডারিয়া থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় শিশিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।